শেরপুরের নালিতাবাড়ীতে ভয়াবহ যানজটের কারণে হাসপাতালে পৌঁছাতে না পেরে আমিনুল ইসলাম (৪৮) নামে এক শ্বাসকষ্টের রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
মৃত আমিনুল ইসলাম উপজেলার গুজাকুড়া গ্রামের বাসিন্দা এবং মোঃ আবদুল রউফের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। হঠাৎ করে তার অবস্থার অবনতি হলে দ্রুত ভ্যানগাড়িতে করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়।
কিন্তু নালিতাবাড়ী পৌর শহরের আড়াই আনী এলাকা থেকে তারাগঞ্জ উত্তর বাজার পর্যন্ত দীর্ঘ যানজটে আটকে পড়ে ভ্যানগাড়ি। ঘণ্টার পর ঘণ্টা যানজটের কারণে রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। একপর্যায়ে চিকিৎসা না পেয়েই ভ্যানগাড়িতেই মারা যান আমিনুল ইসলাম। পরিবারের অভিযোগ, সময়মতো হাসপাতালে পৌঁছাতে পারলে হয়তো তার জীবন বাঁচানো সম্ভব হতো।
স্থানীয়রা জানান, নালিতাবাড়ী শহরে প্রায় প্রতিদিনই তীব্র যানজট সৃষ্টি হয়। বিশেষ করে বাজার এলাকা ও ব্যস্ত সড়কে অবৈধ পার্কিং, অটোরিকশা ও যানবাহনের বিশৃঙ্খল চলাচলের কারণে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়ছেন। জরুরি রোগীকেও সময়মতো হাসপাতালে নেওয়া যাচ্ছে না।
এ ঘটনার পর স্থানীয়দের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। সচেতন মহলের দাবি, দ্রুত যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরও এমন মর্মান্তিক ঘটনা ঘটতে পারে।

২৭.৩১°সে