চলমান যুদ্ধ শেষ করার কোনো ইচ্ছা রাশিয়ার নেই বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার দাবি, ফ্রন্টলাইনে লড়াই থামেনি। তাই নতুন করে হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে কিয়েভ।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক ভিডিও বার্তায় বলেছেন, ফ্রন্টলাইনে কোনো ধরনের শান্ত পরিস্থিতি নেই। যুদ্ধ এখনো চলমান।
তার ভাষ্য, রাশিয়া যুদ্ধ শেষ করার কোনো ইচ্ছা দেখাচ্ছে না এবং তাই ইউক্রেন নতুন আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, শান্তি প্রতিষ্ঠার চেষ্টা অব্যাহত থাকবে, তবে বাস্তবতা হলো যুদ্ধ এখনো থামেনি।
ইউক্রেনের সামরিক সূত্র অনুযায়ী, একদিনেই অন্তত ৩৮টি রুশ হামলা হয়েছে, যার সবচেয়ে বেশি চাপ ছিল পোকরোভস্ক অঞ্চলে। লিমান, কনস্টানতিনিভকা, স্লোভিয়ানস্কসহ একাধিক এলাকায় গোলাবর্ষণ ও সংঘর্ষ চলছে। সীমান্তবর্তী সুমি ও খারকিভ অঞ্চলও রুশ হামলার বাইরে নেই।
অন্যদিকে রাশিয়া দাবি করছে, ইউক্রেন বার বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দোষারোপ আরও বেড়েছে।
এই পরিস্থিতির মধ্যেই কূটনৈতিক তৎপরতা বাড়ছে। জেলেনস্কি জানিয়েছেন, তিনি জার্মানির প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে যৌথভাবে অস্ত্র উৎপাদনের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন। ব্রাসেলসে বৈঠকে কাজা ক্যালাস এবং অন্যান্য পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেনকে নতুন সহায়তার নতুন গতি তৈরি হয়েছে বলে উল্লেখ করেছেন।
ইউক্রেন জানিয়েছে, তারা যুদ্ধক্ষেত্রে অবস্থান স্থিতিশীল করেছে এবং আকাশ প্রতিরক্ষায় এখন প্রায় ৯০ শতাংশ পর্যন্ত হামলা প্রতিহত করতে পারছে।
এদিকে ইউক্রেন-জার্মানি ড্রোন ও আধুনিক অস্ত্র প্রযুক্তিতে সহযোগিতা বাড়াতে কাজ করছে। ইউরোপীয় ইউনিয়নও ইউক্রেনকে নতুন সহায়তা ও রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জোরদারের মাধ্যমে সমর্থন দিচ্ছে।

২৭.৪২°সে