শেরপুরের নালিতাবাড়ীতে কৃষকের ফাঁকা বসতবাড়ির গোয়ালঘরের তালা ভেঙে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের গরু ও ছাগল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। গত ২৯ জুলাই (সোমবার) সন্ধ্যায় উপজেলার কাকরকান্দি ইউনিয়নের সোহাগপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী কৃষক মো. আঃ রাজ্জাক (৬২) বাদী হয়ে খলিল মিয়াকে প্রধান আসামি করে ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সোহাগপুর গ্রামের কৃষক মো. আব্দুর রাজ্জাক নিজ বাড়িতে একাই বসবাস করেছে। পরিবারের অন্য সদস্যরা জীবিকার তাগিদে ঢাকা শহরে বসবাস করে। রাজ্জাকের ছেলের সঙ্গে অভিযুক্ত বিবাদীদের দীর্ঘদিন ধরে টাকা-পয়সা লেনদেন নিয়ে দ্বন্দ্ব চলছিল। গত ২৯ জুলাই বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজ্জাক তাঁর গোয়ালঘরে—একটি লাল ও একটি কালো-সাদা রঙের গাভীন গরু, একটি লাল ষাঁড় এবং চারটি ছাগল তালাবদ্ধ করে স্থানীয় কাকরকান্দি বাজারে যান। তখন অভিযুক্ত বিবাদীরা দলবদ্ধ ভাবে আব্দুর রাজ্জাকের বাড়িতে প্রবেশ করে ৩টি গরু ও ৪টি ছাগল নিয়ে চলে যান। প্রতিবেশীরা ঘটনাটি দেখে মোবাইল ফোনে আব্দুর রাজ্জাককে অবহিত করলে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাজার থেকে বাড়ি ফিরে তিনি দেখতে পান গোয়ালঘরের তালা ভাঙা এবং ভেতরে থাকা গবাদি পশুগুলো নিয়ে চলে গেছে। এতে আনুমানিক প্রায় আড়াই লক্ষ টাকা ক্ষতি হয়েছে মর্মে অভিযোগ পত্রে উল্লেখ করেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

২৬.৪৫°সে