নালিতাবাড়ীতে কফি চাষ ও উদ্যোক্তা উন্নয়নে এগিয়ে এসেছে উপজেলা কৃষি অফিস। এ উদ্যোগের অংশ হিসেবে কফি উদ্যোক্তা ও কৃষিবিদ মোহাম্মদ সাজ্জাদ হোসেন তুলিপকে একটি ভ্যাকুয়াম সিলার ও একটি কফি রোস্টিং মেশিন প্রদান করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান এসব যন্ত্রপাতি তুলে দেন।
কৃষি অফিস জানায়, এলাকায় কফি চাষ বাড়ানো এবং উৎপাদিত কফির মান উন্নত করার লক্ষ্যেই এই সহায়তা দেওয়া হয়েছে। নতুন এই যন্ত্রপাতির মাধ্যমে কফি প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও বাজারজাতকরণ আরও সহজ ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে অতিরিক্ত কৃষি অফিসার ইমরান হোসেন, ইকবাল হোসেন চৌধুরী, সোহেল ইমরুল কায়েস রুবেলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
কফি উদ্যোক্তা সাজ্জাদ হোসেন তুলিপ বলেন, শেরপুর জেলা পাহাড়ি হওয়ায় এখানে কফি চাষ কিছুটা চ্যালেঞ্জিং। তিনি দীর্ঘদিন ধরে এ কাজে যুক্ত আছেন। কৃষি অফিস থেকে পাওয়া এই মেশিন তার কাজকে সহজ করেছে এবং আগ্রহও বাড়িয়েছে। এখন তিনি সহজেই কফি রোস্টিং ও ভ্যাকুয়াম সিলিং করতে পারছেন, যা কফির মান ঠিক রাখতে এবং বাজারজাত করতে সহায়ক হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান বলেন, ভবিষ্যতেও কৃষিভিত্তিক উদ্যোক্তাদের সহায়তায় এ ধরনের উদ্যোগ চালু থাকবে। এতে স্থানীয় অর্থনীতি আরও শক্তিশালী হবে।

২৯.৩৩°সে